২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার শুভেচ্ছা নিয়ে পূজা মণ্ডপে আব্বাস

বিএনপিকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল’ অভিহিত করে মির্জা আব্বাস বলেছেন, তার দল আগামীতে ক্ষমতায় গেলে এই সম্প্রীতির বন্ধন ‘আরো দৃঢ়’ হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার বিকালে শারদীয় দুর্গোৎসবের দশমীর দিনে রাজধানীর রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরির্দশনে গিয়ে পূজারী ও ভক্তদের উদ্দেশ্য এ কথা বলেন বিএনপির মহানগর আহবায়ক ও স্থায়ী কমিটির এই সদস্য।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আব্বাস বলেন,  “বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদ জিয়ার বিজয়ার শুভেচ্ছা বার্তা নিয়ে আমি এখানে এসেছি।

“আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। আগামীতে ক্ষমতায় গেলে এই সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় করা হবে।”

হজ ও তাবলিগ জামাত নিয়ে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি নেতা আব্বাস বলেন, “সম্প্রতি সরকারের এক মন্ত্রীর বিরূপ মন্তব্যের কারণে দেশে এক বাজে অবস্থার সৃষ্টি হয়েছিল। তিনি ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। পূজা ও ঈদ সামনে রেখে সবাই নিশ্চুপ ছিল বলে কিছু ঘটেনি।

“তবে ওই ভদ্রলোকের ওইরকম বাজে মন্তব্য করা উচিৎ হয়নি।”

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে ‘নজিরবিহীন’ বলেও মন্তব্য করেন তিনি।

এ সময়ে আব্বাসের সঙ্গে ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক গৌতম চক্রবর্তী।তারা মতিঝিলসহ কয়েকটি স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবারও মির্জা আব্বাস বাসাবো বালুর মাঠ, কদমতলী, দক্ষিণগাঁও এবং রাজারবাগ কালি মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।