২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিকে ‘আরো মামলার’ হুমকি কামরুলের

সরকারবিরোধী আন্দোলন রাজপথে মোকাবেলার হুঁশিয়ারি দিয়ে বিএনপি নেতাদের নামে আরো মামলার হুমকি দিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 02:16 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

শুক্রবার শিল্পকলা একাডেমি মিলানায়তনে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, “আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই, দল গোছান। আরো মামলা মোকবেলার জন্য প্রস্তুতি নেন, ভালো ভালো ল’ইয়ার রাখেন।”

বিএনপির রাজনৈতিক অবস্থানের সমালোচনায় আওয়ামী লীগ নেতা কামরুল বলেন,  “আন্দোলন কতো প্রকার ও কী কী তা আমরা জানি। তারা (বিএনপি জোট) ঈদের পরে আন্দোলন করবে, কিন্তু কোন ঈদ?”

বিএনপিকে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের হাড্ডি-মাংসে জং ধরে গেছে, শরীরও ভারি হয়ে গেছে। আপনারা মাঠে নামলে আমাদের সুবিধা হয়, আমরাও মাঠে থাকব।”

অবশ্য বিএনপির সামনে আন্দোলনের কোনো ইস্যু নেই বলেই মনে করেন কামরুল।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “চেষ্টা করলেও কোনো ইস্যু তৈরি করতে পারবেন না। লতিফ সিদ্দিকীকে নিয়ে যে ইস্যু তৈরি হচ্ছিল তাও হারিয়ে গেছে।”

Image
ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি:আসিফ মাহমুদ অভি /বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

‘হুমকি-ধামকি দিয়ে, বড় বড় কথা বললেও’ বিএনপি আদতে ‘কাগুজে বাঘে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন ঢাকা মহানগর আওয়ামী লীগ এই নেতা।

তিনি বলেন, সংসদে প্রতিনিধিত্বকারীদের দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনকালীন সরকার গঠন করে ২০১৯ সালের নির্বাচন হবে। তার আগে সংলাপের কোনো প্রয়োজন নেই।

“তখন বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার প্রস্তাবও দেয়া যাবে না। আর তত্ত্বাবধায়ক সরকার তো এখন ডেড ইস্যু।”

মধ্যবর্তী নির্বাচন ও সংলাপের কথা বলে ‘বিতর্ক সৃষ্টি না করার’ আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশ্যে কামরুল বলেন, মানুষ এখন সুখে-শান্তিতে আছে। তবে রাজনীতি থেকে বিতাড়িত তথাকথিত কিছু বুদ্ধিজীবী বিএনপির সুরে কথা বলছেন।”

ড. কামাল ও মাহমুদুর রহমান মান্নার জোটের সঙ্গে ‘মিডিয়া ছাড়া’ আর কোনো শক্তি নেই মন্তব্য করে কামরুল বলেন, গণফোরামের কোনো সম্মেলন হয় না। ওই দলের সাধারণ সম্পাদক মারা যাওয়ার পরে আরেকজনকে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

“ওয়ানম্যান পার্টি…. বাটি চালন দিলেও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। একজনের বিরাট মোছ (গোঁফ) আছে, কিন্তু দলের সাধারণ সম্পাদক খুঁজে পাবেন না।”

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট এই আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে নাট্য ব্যক্তিত্ব এনামুল হক, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মনরঞ্জন ঘোষাল অনুষ্ঠানে বক্তব্য দেন।