২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা রিসোর্টে খালেদা

জামালপুরে শনিবারের জনসভায় যোগ দিতে ঢাকা থেকে রওনা হওয়ার পর টাঙ্গাইলের যমুনা রিসোর্টে রাতযাপনের জন্য যাত্রাবিরতি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:59 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

শুক্রবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার গাড়ি বহর যমুনা রিসোর্টে পৌঁছায় বলে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

এর আগে বিকাল ৫টায় গুলশানের বাসা থেকে তার গাড়ি বহর যাত্রা শুরু করে। একই গাড়িতে সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান।

এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুসহ আরও বেশ কয়েকজন নেতাও এই সফরে খালেদার সঙ্গী হয়েছেন।  

যাত্রাপথে রাত ৮টায় খালেদা জিয়া টাঙ্গাইলের মির্জাপুরে পৌঁছালে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদের নেতৃত্বে বাইপাস সড়কে বিএনপির নেতাকর্মীরা সড়কের দুইপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।

এর আধঘন্টা পর আশেকপুর এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফার নেতৃত্বে বিএনপি’র নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

পরে যমুনা রিসোর্টে পৌঁছালে সেখানে সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও কালিহাতী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান মতিন, বিএনপির কেন্দ্রীয় সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতারা খালেদাকে অভ্যর্থনা জানান।

মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, রাতে যমুনা রিসোর্টে থাকার পরদিন (শনিবার) সকাল ১১টায় জামালপুরের উদ্দেশে রওনা হবেন বিএনপি চেয়ারপার্সন।

টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ি হয়ে খালেদার গাড়ি বহরের জামালপুরে যাওয়ার কথা রয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন,সংসদে সদ্য পাস হওয়া ষোড়শ সংশোধন ও জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে এই জনসভা হচ্ছে।

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর ঢাকার বাইরে খালেদা জিয়া এটি চতুর্থ জনসভা। এর আগে গত ১ মার্চ রাজবাড়ী, ২৮ মে মুন্সিগঞ্জ ও সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জনসভায় বক্তব্য রাখেন তিনি।

শনিবার বিকাল ৩টায় জামালপুর জেলা স্কুল মাঠে স্থানীয় ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা হবে ।

এদিকে জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন জনসভার জন্য প্রস্তুত। জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ১২টা থেকে জনসভাস্থলে আসতে শুরু করবে।”

জনসভায় ব্যাপক মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাপ্রকাশ করেন।