২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক দলে ‘বিদ্রোহীদের’ সঙ্গে নেই: নাজিম

যাকে সভাপতি করে পাল্টা কমিটি গঠন করেছে বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল, সেই  এ এম নাজিম উদ্দিন নিজেই ‘বিদ্রোহীদের’ সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 09:58 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

বুধবার সকালে শ্রমিক দলের এক দল নেতা ঢাকায় সংবাদ সম্মেলন করে এই কমিটির ঘোষণা দেওয়ার পর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নাজিম এই দাবি করেন।

নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি তো ঢাকায়ই যাইনি। আমি এখন চট্টগ্রামে। আমাকে এ ধরনের কমিটির বিষয়ে কিছুই জানানো হয়নি।

“আগামীকাল ঢাকা গিয়ে তাদের কাছে জানতে চাইব কেন এরকম করেছে।”

নিজাম উদ্দিনকে সভাপতি ও আবুল খায়ের খাজাকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের কমিটি ঘোষণা করে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, গত ৭ জুন সংগঠনের বিশেষ সম্মেলন ও কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে এই কমিটি করা হয়েছে।

তবে এই কমিটি ঘোষণাকে সংগঠনের বিধিবহির্ভূত বলে দাবি করেছেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।

বিবৃতিতে নাজিম উদ্দিন বলেন, “বিভিন্ন স্থান থেকে সংবাদকর্মী ও দলের নেতাকর্মীরা এ বিষয়ে আমার মতামত জানতে চাইছে। আমার মতামত হল- এই কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”

জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি নাজিম বলেন, “শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হওয়ার ইচ্ছা থাকলে সম্মেলনেই হতে পারতাম।”