২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রিত্ব নিয়ে অনিশ্চয়তায় চুন্নু

দলের অভ্যন্তরে বিরোধের কারণে মন্ত্রিত্ব টিকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন বলে জানালেন জাতীয় পার্টির নেতা মুজিবুল হক চুন্নু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 07:07 PM

কয়েকদিন আগেই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী থেকে এক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়ার প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথায় নিজের দলের অভ্যন্তরে ‘ঝামেলার’ কথা বলেন চুন্নু।

তিনি বলেন,“আমি কিছু কথা বলি, আপনারা শোনেন। কারণ আজ আছি তো কালকে থাকব না। এমনিতেই আমি অন্য দল থেকে মন্ত্রিসভায় এসেছি। আবার আমার দলের মধ্যে অনেক ঝামেলা চলছে।”

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ইতোমধ্যে বলেছেন, তার দল সরকারে থাকবে কি না, তা নিয়ে আলোচনা চলছে।

নানা নাটকীয়তার পর ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে দশম সংসদে বিরোধী দলের আসনে বসার পাশাপাশি মন্ত্রিত্বও নিয়েছে জাতীয় পার্টি, এরশাদ হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

এরশাদ সরকার ছাড়ার কথা বললে প্রতিমন্ত্রী রাঙ্গা ও সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল দলীয় চেয়ারম্যান এরশাদের সরকারি পদ ছাড়ার কথা তোলার পর তাদের সভাপতিমণ্ডলী থেকে বাদ দেওয়া হয়।

জাতীয় পার্টি থেকে মন্ত্রী হয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ। প্রতিমন্ত্রী হয়েছেন রাঙ্গা ও চুন্নু। এর মধ্যে চুন্নুর দায়িত্ব পড়ে শ্রম মন্ত্রণালয়ে।

কিশোরগঞ্জের সংসদ সদস্য চুন্নু দুপুরে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের মুখে পড়েন।

তিনি বলেন,“আমি আইনের লোক। চেয়েছিলাম আইন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব আমাকে দেওয়া হোক। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বললেন- তুমি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নাও। উনার নির্দেশনায় এই দায়িত্ব নিলাম।”

শ্রম মন্ত্রণালয় সম্পর্কে নিজের অজ্ঞতাও স্বীকার করেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর এই সদস্য।

“আমি শ্রমিক রাজনীতি করি নাই। শ্রম মন্ত্রণালয়, শ্রম আইন সম্পর্কে আমার কোন ধারণা ছিলো না। এটা আমার জন্য একেবারে নতুন সাবজেক্ট। আমি বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।”

“এখানে এসে দেখলাম কোনো মালিক শ্রম আইন অনুযায়ী শ্রমিকের পাওনা পরিশোধ না করলে মন্ত্রণালয়ের কিছু করার নেই। শ্রম আইনে মামলার কথা বলা হয়েছে। সেটা সিভিল মামলা, ক্রিমিনাল মামলা নয়। আমি একজন ল ইয়ার হিসেবে বলতে পারি শ্রম আইন পুরোপুরি শ্রমিকের পক্ষে না,” বলেন শ্রম প্রতিমন্ত্রী।

পুরনো খবর:

তাজুল-রাঙ্গাকে প্রেসিডিয়াম থেকে সরালেন এরশাদ
বিএনপির ষড়যন্ত্রে জাতীয় পার্টিতে কোন্দল: বাবলু
সংসদ লবিতে বিতণ্ডায় রাঙ্গা-বাবলু