বিএনপির ষড়যন্ত্রে জাতীয় পার্টিতে কোন্দল: বাবলু
একইসঙ্গে সরকার ও বিরোধী দলে থাকা জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ কোন্দলের জন্য বিএনপিকে দায়ী করলেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
শুক্রবার রাজধানীর কাকরাইলে পার্টির এক সমাবেশে তিনি বলেন, “জাতীয় পার্টিকে ভাঙার ষড়যন্ত্র চলছে। জাপার অভ্যন্তরীণ কোন্দল বিএনপির ষড়যন্ত্র।দলের অভ্যন্তরে বিএনপির দালাল, জামায়াতের দালাল ও যুদ্ধাপরাধীদের দালালরা অনুপ্রবেশ করে ষড়যন্ত্র করছে।”
ফাইল ছবি
দুই নেতাকে সভাপতিমণ্ডলী থেকে অপসারণের বিষয়ে ইংগিত করে বাবলু বলেন, “দলে যুদ্ধাপরাধীদের কোনো স্থান নেই, বিএনপি-জামায়াতের দালালদেরও কোনো স্থান হবে না।”
নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির মহাসচিব বলেন, “যারা ষড়যন্ত্র করছেন তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবেন। জাপাকে ভাঙার সাধ্য কারো নেই।”
দলীয় ‘শৃঙ্খলা রক্ষার’ কথা বলে গত বুধবার রাঙ্গা ও তাজুলকে দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ পর্ষদ থেকে অব্যাহতি দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, যিনি নিজে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্বে থাকলেও সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতাদের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার পক্ষে বলেছেন।
এরশাদের ওই পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেই রাঙ্গা ও তাজুল চেয়ারম্যানের রোষানলে পড়েন বলে জাতীয় পার্টি সূত্র জানায়।
দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে গত বছরের ডিসেম্বরে জাতীয় পার্টির নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েন। তাদের একটি অংশ এরশাদের পক্ষ নিয়ে নির্বাচন বর্জন করেন, অন্য অংশটি এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেন।
রাঙ্গা ও তাজুল দলে রওশনপন্থি নেতা হিসাবে পরিচিত। জিয়াউদ্দিন বাবলু সে সময় এরশাদের মতের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিলেও এখন দলের মহাসচিবের দায়িত্বপালন করছেন।
বাবলু সমাবেশে বলেন, “জাতীয় পার্টি ছয় মাস ধরে রাজপথে আছে। সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। সংসদেও সরকারের বিরুদ্ধে কথা বলছে। এতে ষড়যন্ত্রকারীরা অখুশি। তাই তারা জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অন্যদের মধ্যে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, জহিরুল ইসলাম সেলিম সমাবেশে বক্তব্য দেন।
