ভোলা হবে দেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা: তোফায়েল
ভোলায় নির্মাণাধীন ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি শিগগিরিই সমান ক্ষমতাসম্পন্ন আরো একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার ভোলা সদরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের মধ্যে ভোলাই হবে সবচেয়ে উন্নয়ন ও সমৃদ্ধ জেলা। এ জেলায় ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ চলছে এবং অচিরেই আরো একটি ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হবে।
“এসব কেন্দ্র চালু হলে ভোলাসহ দক্ষিণাঞ্চলে বিদ্যুতের কোনো সমস্যা থাকবে না। ”
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যক্তি পর্যায়ে এবং সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস মজুদ রয়েছে। শাহবাজপুর গ্যাসক্ষেত্রে ৩ নম্বর কূপের খনন কাজ চলছে। অচিরেই আরো দুটি কূপের খনন কাজ শুরু হবে।
ভোলার নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দিয়ে তোফায়েল বলেন, ভাঙন রোধে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নেওয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে ভোলার জনপদকে নদী আর গ্রাস করতে পারবে না।
জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। উপস্থিত ছিলেন পুলিশের সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক আবদুল সালম, কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার অলি উল্ল্যাহ, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান ও পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
চেক বিতরণ অনুষ্ঠান শেষে বাণিজ্যমন্ত্রী ঢাকাস্থ ভোলা সমিতির আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে আব্দুল হান্নান হাওলাদার শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এতে সভাপতিত্ব করেন ভোলা সমিতির সভাপতি মাকসুদ হেলালী। এবছরে ৯৮ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
