শামীম-আইভী প্রধানমন্ত্রীর মঞ্চের কুশীলব: কাদের সিদ্দিকী
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী বলেছেন, তারা দুজনেই ‘প্রধানমন্ত্রীর তৈরি নাট্যমঞ্চে’ অভিনয় করছেন।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কৃষক শ্রমিক জনতা লীগের এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “নারায়ণগঞ্জে একটি পুরুষ ও একটি নারী সন্ত্রাসী রয়েছে। তার একজন শামীম ওসমান, অপরজন মেয়র সেলিনা হায়াৎ আইভী। তারা দুইজনই আওয়ামী লীগ করেন।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দুজনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরি করে রেখেছেন। মঞ্চের একপাশে বামপন্থি আর অপর পাশে আওয়ামী লীগের নেতাকর্মী। নারায়ণগঞ্জের মানুষ সে নাটক উপভোগ করছে।”
আব্দুল কাদের সিদ্দিকী (ফাইল ছবি)
‘১৯৭১: ভেতরে বাইরে’ নামের বইটি লেখার কারণে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ককে ‘পাকিস্তানের দোসর ও দালাল’ বলার প্রতিবাদ জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, “এটা ঠিক নয়। কারণ একে খন্দকার একজন মুক্তিযোদ্ধা। তাকে সম্মান দেয়া উচিত। বই লেখার কারণে তাকে দোসর, কুলাঙ্গার বলা ঠিক নয়।”
তবে ওই বইয়ের সব তথ্য সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
নারায়ণগঞ্জের সাত খুন প্রসঙ্গে সাবেক এই আওয়ামী লীগ নেতা বলেন, “র্যাবের কাজ মানুষ পাহারা দেয়া। কিন্তু তারা এখন মানুষ খুন করে। কেউ কেউ মনে করেন, এই খুনের সঙ্গে শামীম ওসমান জড়িত। আমি মনে করি, এই খুনের সঙ্গে আইভীও কম যান না।”
কাদের সিদ্দিকী তার বক্তব্যে আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে প্রয়োজনে দেখাশুনা করবেন। তিনি তার কথা রেখেছেন; নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে তিনি ওসমান পরিবারের সন্তান সেলিম ওসমানকে পাশ করিয়ে তার দৃষ্টান্ত রেখেছেন।
সংগঠনের জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলামের দেলোয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আগে মুক্তিযুদ্ধে কাদের সিদ্দিকী ও তার কাদেরীয়া বাহিনীর ভূমিকা নিয়ে নির্মিত আলোকচিত্র প্রদর্শন করা হয়।
আলোকচিত্রতে বঙ্গবন্ধুর সঙ্গে কাদের সিদ্দিকীর অনেক বিরল ছবিও ঠাঁই পেয়েছে।
