সংবিধান সংশোধনে সমর্থন জাসদ-ওয়ার্কার্স পার্টির
বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফেরাতে সংবিধানের ষোড়শ সংশোধনীর সঙ্গে একমত আওয়ামী লীগের জোট শরিক দুই দল জাসদ ও ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সংসদে উত্থাপিত বিলে নিজেদের সমর্থনের কথা জানান জাসদ ও ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্যরা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দলটির সাত জন এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে দলটির পাঁচ জন সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
দুটি দলের সংসদ সদস্যের মধ্যে জাসদের কার্যকরি সভাপতি মইনউদ্দিন খান বাদলই শুধু ছিলেন না।
মেনন সাংবাদিকদের বলেন, তারা সংবিধানে ষোড়শ সংশোধনী প্রসঙ্গে তাদের সম্মতির কথা প্রধানমন্ত্রীকে জানিয়ে এসেছেন।
“এই সংশোধনীটি অনেক আগেই প্রয়োজন ছিল।”
জাসদের শিরীন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী ষোড়শ সংশোধনীর বিষয়ে আলোচনা করতে তাদের ডেকেছিলেন।
“প্রধানমন্ত্রী সংশোধনীর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন। জাসদ এ বিষয়ে অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে।”
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৪ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়।
এখন আবার সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে বিএনপি এর বিরোধিতা করে বলছে, এর মধ্য দিয়ে সরকার বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়।
