বিকালে রাজধানীতে বিএনপি জোটের সমাবেশ
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দেয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকাল ৩টায় এই সমাবেশ শুরু হবে বলে মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জোটের শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন বলে জানান তিনি।
মাত্র ২৩ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় ১২টি শর্ত সাপেক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোটকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে গত ১৯ অগাস্ট সেখানে সমাবেশ করে ২০ দল।
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।
আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধনের এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের।
সংবিধান সংশোধনের উদ্যোগের প্রতিবাদে দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ করে ২০ দলের নেতাকর্মীরা।
