‘গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদের পথে হাঁটছে সরকার’
আওয়ামী লীগ সরকার গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বুধবার এক বিক্ষোভ সমাবেশে তিনি বলেন, “বর্তমান সরকার গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদের পথে হাঁটছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদকে আইনি কাঠামোয় নিয়ে আসতে সংবিধান বিরোধী অগণতান্ত্রিক সম্প্রচার নীতিমালা ও জনমত উপেক্ষা করে বিচারপতিদের অপসারণে তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করা হচ্ছে।”
বিকাল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ওই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সংবিধানের ১৬তম সংশোধনী পাশ হলে সব সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর সরকারের খবরদারির সুযোগ আরো বিস্তৃত হবে বলে দাবি করেন সাইফুল হক।
সংশোধনী পাস করানোর সরকারী তৎপরতা অবিলম্বে বন্ধ ও গণমাধ্যমের ‘কণ্ঠরোধে’র সম্প্রচার নীতিমালা বাতিল করে জনগণ ও সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এসব বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী, মোখলেছুর রহমান, এম আকতারুজ্জামান, আকবর খান, আবু হাসান টিপু, সেকেন্দার হোসেন, আনসার আলী দুলাল, এ্যাপোলো জামালী, সজীব সরকার, রাজবিহারী দাস, শাহাদাৎ হোসেন শান্ত প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল তোপখানা ও বিজয়নগর সড়ক প্রদক্ষিন করে সেগুনবাগিচায় পার্টির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
