২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশের অনুমতি পেল বিএনপি

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকে ১২টি শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:04 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্যানের বাইরে জড়ো না হওয়া, ৩০টির বেশি মাইক না লাগানো, বিকাল ৬টার মধ্যে সমাবেশ শেষ করা, মহাসড়ক দিয়ে মিছিল করে সমাবেশে না আসা, লাঠি-বাঁশ বহন না করাসহ ১২টি শর্তে তাদেরকে অনুমতি দেয়া হয়েছে।”   

বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “রাত ৮টার দিকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করার জন্য মহানগর পুলিশের লিখিত অনুমতি পেয়েছি। কিছু শর্ত সাপেক্ষে এই অনুমতি দেয়া হয়েছে।”

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ শুরু হবে।

বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার আইনকে ‘গণবিরোধী’ অ্যাখ্যা দিয়ে, সেটি পাসের বিষয়ে সরকারের উদ্যোগের প্রতিবাদে এই সমাবেশ ডেকেছে ২০ দলীয় জোট।  

মঙ্গলবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন।

এরই ধারাবাহিকতায় প্রথমদিন বুধবার সারাদেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ২০ দলীয় জোট।