কর্মীদের মারামারিতে চট্টগ্রামে যুবলীগের ওয়ার্ড কমিটি স্থগিত
কর্মিসভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-ধাওয়ির পর স্থগিত করে দেয়া হয়েছে চট্টগ্রাম নগরীর ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগ কমিটি।
সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ নেতা ও যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য আলতাফ হোসেন বাচ্চু এবং নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু।
তাদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে আগ্রাবাদ এক্সেস ও বিমান বন্দর সড়কে যান চলাচল ১০ মিনিট বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মিসভায় পেছনে যারা বসেছিল তাদের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে এক পর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়।
“অনুষ্ঠান শেষে নগর যুবলীগের শীর্ষ নেতারা আলোচনা করে ওই ওয়ার্ড কমিটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।”
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, ধাওয়ার ঘটনায় কেউ আহত হয়নি। কাউকে আটকও করা হয়নি।
