২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুরে ফখরুল

চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:11 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

যুবদলের সহ সভাপতি ফরহাদ হোসেন আজাদ জানান, মঙ্গলবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফখরুল ঢাকা ত্যাগ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফরহাদ বলেন, “স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। চার-পাঁচ দিন পরে ফিরবেন।”

গলার ধমনীতে রক্ত চলাচলে জটিলতার কারণে বেশ কিছুদিন ধরেই চিকিৎসা নিতে হচ্ছে বিএনপির মুখপাত্রকে। আগের বারের মতো এবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।

২০১৩ সালে কারাগারে বন্দি অবস্থায় মির্জা ফখরুলের গলায় ওই সমস্যা ধরা পড়ে। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এবং পরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে গত বছরের ১৪ মে তিনি সিঙ্গাপুরে যান।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারি ও অগাস্টেও দুই দফা সিঙ্গাপুরে গিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে হয় ৬৬ বছর বয়সী এই বিএনপি নেতাকে।

ফখরুলের দ্রুত আরোগ্য কামনায় পরিবারের সদস্যরা দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের দোয়া চেয়েছেন বলে ফরহাদ হোসেন জানান।