অভিশংসন বিলের প্রতিবাদে বিক্ষোভ করবে ২০ দল
বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ‘জনপ্রতিনিধিত্বহীন সংসদের’ হাতে ফিরিয়ে দেয়ার ‘গণবিরোধী’ উদ্যোগের প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বুধবার মহানগর ও জেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ২০ দল। আর পরদিন বৃহস্পতিবার রাজধানীতে হবে প্রতিবাদ সমাবেশ।
রাজধানীর সমাবেশের স্থান ও সময় পরে ঘোষণা করা হবে বলে নজরুল ইসলাম জানান।
ফাইল ছবি
বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদকে ফিরিয়ে দিতে রোববার ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। সংসদে না থাকা বিএনপি শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসছে।
খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট ‘জনগণকে সঙ্গে নিয়ে’ সরকারের এই ‘কুটিল চক্রান্ত’ রুখে দেবে বলেও মন্তব্য করেন নজরুল।
ব্রিফিংয়ের আগে নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জোটের মহাসচিবদের বৈঠক হয়।
জোটের মহাসচিবদের মধ্যে জামায়াতে ইসলামীর রিদওয়ান উল্লাহ শাহেদী, এলডিপির রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিশের আহমেদ আবদুল কাদের, জাগপার খন্দকার লুৎফর রহমান, এনডিপির আলমগীর মজুমদার, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির এম এ রশীদ প্রধান, ন্যাপের গোলাম মোস্তফা ভুঁইয়া, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদি, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, কল্যাণ পার্টির এম এম আমিনুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মুফতি তৈয়ব সংবাদ ব্রিফিঙে ছিলেন।
এছাড়া বিএনপির মহানগর সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিনও উপস্থিত ছিলেন।
