২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আইনমন্ত্রী মিথ্যাচার করেছেন’

বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে ষোড়শ সংশোধনীর বিলে ‘ভুল তথ্য দিয়ে’ আইনমন্ত্রী ‘মিথ্যাচার’ করেছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 04:51 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সাংবাদিকদের বলেন, বাহাত্তরের সংবিধানে ওই ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করা হয়।

“অথচ আইনমন্ত্রী গতকাল সংসদে বলেছেন, ৭২ সালে সংবিধানে সংসদের হাতে ওই ক্ষমতা ছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা সুপ্রিম জুডিশিয়ালের হাতে দিয়েছেন বলে এই বিল আনা হয়েছে। এটি ঠিক নয়। আইনমন্ত্রীর এ রকম মিথ্যাচার করার প্রয়োজন ছিল না।”

বিএনপি আগামীতে সরকার গঠন করলে বর্তমান সরকারের করা সব ‘কালাকানুন’ বাতিল করা হবে বলেও উল্লেখ করেন বিএনপির মুখপাত্র।

আইনমন্ত্রী আনিসুল হক রোববার ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ জাতীয় সংসদে উত্থাপন করার  পর স্পিকার সেটি যাচাই-বাছাইয়ের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠিয়ে দেন।

সংসদে না থাকা বিএনপি শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসছে। বিলটি সংসদে তোলার আগেও একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ওই বিল পাস হলে দেশে ন্যায়বিচার থাকবে না।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীকে দেখার পর এ বিষয়ে আবারো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। এরকম জনপ্রতিনিধিত্বহীন একটি সংসদের হাতে বিচারপতিদের অপসারণ ক্ষমতা ফিরিয়ে আনার অর্থই হচ্ছে আওয়ামী লীগের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া। এটা কোনোভাবেই গণতান্ত্রিক বিধান হতে পারে না।”

সকালে তারেক রহমান ও ফখরুলের বিরুদ্ধে আদালতে করা একটি মানহানির মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির মুখপাত্র পাল্টা প্রশ্ন করেন, “এটা কত নম্বর মামলা বলেন তো?”

তিনি বলেন, “প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন করতে সরকার একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। তারা এভাবে মিথ্যা মামলা দিয়ে বিরোধী মতকে দাবিয়ে রাখতে চায়।”

খলিলুর রহমানকে দেখতে বেলা ১২টার দিকে ইউনাইটেড হাসপাতালে যান মির্জা ফখরুল। তিনি চাঁদপুরের এই বিএনপি নেতার চিকিৎসার খোঁজখবর নেন।

গত ৫ অগাস্ট চাঁদপুরে দলীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলায় আহত হন খলিলুর।

মির্জা ফখরুল বলেন, “সন্ত্রাসীদের আঘাতে খলিলুরের মাথায় তিন ইঞ্চি ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে অস্ত্রোপচার করা হয়েছে। তিনি এখনো বিপদমুক্ত নন।”

খলিলুর রহমানের ওপর হামলার জন্য ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের’ দায়ী করেন তিনি।

সাবেক প্রতিমন্ত্রী নুরুল হুদা, বিএনপির তথ্য ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মানিক এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।

পুরনো খবর:

সংবিধানের ষোড়শ সংশোধনের প্রস্তাব সংসদে
সংবিধান সংশোধন বিলে ছাপার ভুল