শিনজো আবের সঙ্গে রওশনের বৈঠক
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার সন্ধ্যায় সোনারগাঁও হোটেলে গিয়ে সফররত জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতীয় পার্টির নেতা রওশন।
১৫ মিনিটের ওই বৈঠকের পর বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে দুজনের আলোচনা হয়েছে।
“দেশের অর্থনৈতিক উন্নয়নে অতীতের মতো জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিরোধীদলীয় নেতা।”
পোশাক, বস্ত্র ও স্বাস্থ্য খাতে জাপানের সহযোগিতা প্রত্যাশা করেছেন বিরোধীদলীয় নেতা।
রওশনের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ, সাংসদ নুর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান ও সেলিম উদ্দিন।
রওশনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হোটেলে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।
শনিবার দুপুরে বাংলাদেশ সফরে আসা শিনজো আবে রোববার সকালে ঢাকা ছাড়বেন।
