বিএনপি নেতা আর এ গণি হাসপাতালে
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি।
শুক্রবার ধানমন্ডির একটি মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে সংজ্ঞা হারালে বেলা ৩টার দিকে তাকে বারডেম কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয় বলে জানান তার একান্ত সহকারী সামিউল আহমেদ লেনিন।
আর এ গণিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে লেনিন জানান, আর এ গণি হৃদরোগে আক্রান্ত।
“স্যারের হৃদযন্ত্রে পেসমেকার বসানো আছে। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন।”
বিএনপির স্থায়ী কমিটির এই প্রবীণ সদস্য জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন।
