২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা ‘উদ্দেশ্য প্রণোদিত’: বিএনপি

বকশীবাজারে অস্থায়ী আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 11:04 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

বৃহস্পতিবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ‘সরকারের মদদে’ আইনশৃঙ্খলা বাহিনী ‘পূর্ব পরিকল্পিতভাবে’ এই হামলা করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার দুপুরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতে যান।

সেসময় নেতাকর্মীদের আদালতে ঢুকতে বাধা দেয়া হলে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পুলিশ নেতা-কর্মীদের লাঠিপেটা করে ও টিয়ার শেল ছোড়ে।

সংঘর্ষের ওই ঘটনায় বৃহস্পতিবার চকবাজার থানায় বিএনপি-জামায়াতের ৬০ জনসহ অজ্ঞাত পরিচয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

তিনি বলেন, “জনতার ঢল দেখে পুলিশ সরকারের মদদে বিনা উস্কানিতে নেতা-কর্মীদের ওপর বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে প্রায় ৩৫ জন নেতা-কর্মীকে আহত করে।

“শুধু পুরুষ নেতা-কর্মীই নয় বরং মহিলা দলের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাদেরকেও আহত করা হয়। আহতদের অনেকেই এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

ফখরুল বলেন, “পুলিশের হামলার দায় বিএনপির ওপর চাপাতে মিথ্যা অভিযোগ সাজিয়ে ছাত্রদল নেতা ইসাহাক আলী সরকার, সাঈদ হাসান মিন্টু, নাহিদুল ইসলাম নাহিদ এবং শফিউদ্দিন আহমেদ সেন্টুসহ অসংখ্য নেতা-কর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। আমরা এই সাজানো মামলা দায়েরে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”