২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির প্রতিবাদ সমাবেশ

দুর্নীতি মামলায় খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে রাজধানীর বকশীবাজারে দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশের ‘হামলা’র প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ করেছে বিএনপি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 08:57 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বুধবার বিকালে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে নগর বিএনপি ও উত্তর জেলা বিএনপি।

সমাবেশে সভাপতির বক্তব্যে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, নেতাকর্মীদের ওপরে হামলা করে জনগণকে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলন থেকে সরানো যাবে না।

“জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিটিভিতে পরিণত করতে চায়। বিচারপতিদের অভিশংসন আইন বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়।”

বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, অতীতে বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ঠিক তেমনি শেখ হাসিনা সরকারও বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সভাপতি এম এ আজিজ, নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, ইয়াছিন চৌধুরী লিটন, ফাতেমা বাদশা, নগর মহিলা দল সভানেত্রী মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, কাউন্সিলর মাহবুবুল আলম প্রমুখ।