২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকশীবাজারে সংঘর্ষ: ৬০ বিএনপি-জামায়াত কর্মীর বিরুদ্ধে মামলা

খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে বকশীবাজারে আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 01:25 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

আদালতের বাইরে পুলিশ-বিএনপি সংঘর্ষ

চকবাজার থানার এস আই সাদেক মিয়া বৃহস্পতিবার সকালে এ মামলা দায়ের করেন।

চকবাজার থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মামলার এজাহারে ৬০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।

“আদালতের বাইরে দায়িত্বরত পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।”

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের মামলায় হাজিরা দিতে বিএনপি চেয়ারপার্সন খলেদা জিয়া বুধবার দুপুরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতে গেলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

খালেদা গাড়ি থেকে নেমে ভেতরে যাওয়ার পর বিএনপি নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়।

এ সময় আদালতের বাইরে থাকা বিএনপিকর্মীরা পুলিশের দিকে ঢিল ছুড়লে শুরু হয় সংঘর্ষ। পরে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের দুই কনস্টেবল ও এক নায়েক আহত হয়েছেন বলে জানান চকবাজারের ওসি।