২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টির উদ্বৃত্ত অর্ধকোটি টাকা

অর্ধ কোটি টাকারও বেশি উদ্বৃত্ত দেখিয়ে দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি তাদের ২০১৩ সালের আর্থিক প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 02:29 PM

Updated : 19 Sep 2026, 02:23 PM

সোমবার নির্বাচন কমিশনে জমা দেয়া দলটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী দলটি গতবছর আয় করেছে ৩ কোটি টাকা ৩৭ লাখ ৩২ হাজার ৪২৯ টাকা। এতে ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮২ লাখ ২১ হাজার ৫২৯ টাকা। এ হিসাবে উদ্বৃত্ত  ৫৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা।

দলটির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া ও যুগ্ম দপ্তর সম্পাদক আবুল হাসান জুয়েল ইসি সচিব মো. সিরাজুল ইসলামের কাছে প্রতিবেদন জমা দেয়ার পর এ তথ্য জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নিবন্ধিত দলের আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে হিসাব দিতে ব্যর্থ হওয়ায় নিবন্ধিত ৪০টি দলের মধ্যে থেকে প্রায় ডজনখানেক দল সময় বাড়ানোর আবেদন করেছিল।জাতীয় পার্টি ৩০ অগাস্ট পর্যন্ত সময় নিয়েছিল। একমাত্র গণফ্রন্ট সময় বাড়ানোর আবেদন করেনি।

দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ১৪ অগাস্ট পর্যন্ত সময় চেয়ে বর্ধিত সময়ের শেষ দিনে তাদের প্রতিবেদন জমা দিলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ১ সেপ্টেম্বর সময়ের আবেদন করে।

দলগুলোর আবেদনের প্রেক্ষিতে কমিশন আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়।

গণফ্রন্ট সময় বাড়ানোর আবেদন না করায় এ বছর তাদের আর্থিক প্রতিবেদন আর নেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে তাদের জানিয়ে দেয়া হবে বলে জানান তারা।

পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের বিষয়টিও গণফ্রন্টকে জানিয়ে দেয়া হবে, জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

এছাড়া এলডিপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাপ, ইসলামী ঐক্যজোট, কল্যাণপার্টি ও বাংলাদেশ মুসলীম লীগের নিরীক্ষা প্রতিবেদনের সব পাতায় স্বাক্ষর না থাকায় তা সংশোধনের জন্য সময় বেঁধে দেয়া হবে বলে জানান তারা।

গত বছর কয়েকটি দলের আবেদনে সময় বাড়ানো না হলেও এবার তা করেছে কাজী রকিব উদ্দীন আহমদ নেতৃত্বাধীন ইসি।

বিএনপির আয়ের চেয়ে ব্যয় দেড় কোটি টাকা বেশি