ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগ এগিয়ে
মৃত্যু ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়াসহ নানা কারণে পদশূন্যতা সৃষ্টি হওয়ায় ১০টিরও বেশি জেলার বেশ কয়েকটি ইউনিয়নে বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উপ-নির্বাচন।
এসব নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা অন্তত ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থীরা দুটি এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী একটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রোববার সকাল থেকে মাগুরা, মুন্সীগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, শরীয়তপুর, লালমনিরহাট, বরগুনা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর এবং ভোলার বিভিন্ন ইউনিয়নের একযোগে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম ও ভোলার দুটি ইউনিয়নে ওয়ার্ড মেম্বার পদেও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে হবিগঞ্জে একটি ইউনিয়নে গোলযোগ হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে।
ভোলায় আ. লীগের জয়
ভোলার লালমোহন উপজেলার চরভুতায় আওয়ামী লীগ সমর্থিত হারুণ হাজারী ৬২৪ ভোট পেয়ে এবং বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবুল বাশার ৫১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সদরের দক্ষিণ দিগলদী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা বেগম এক হাজার ৩৪৩ ভোট পেয়ে মেম্বার এবং কালমা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আব্দুর রশিদ ৪৩৪ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন।
মাগুরায় আ. লীগের জয়
শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সেবানন্দ বিশ্বাস বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলী।
শ্রীপুর উপজেলা নির্বাচন আব্দুল মজিদ তার বিজয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ হয়েছে।”
এই ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম হিরো বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় এ পদটি শূন্য হয়।
মুন্সীগঞ্জে নিহত চেয়ারম্যানের স্ত্রী নির্বাচিত
গজারিয়ার বালুয়াকান্দির নিহত ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানের শূন্য পদে তার স্ত্রী মর্জিনা বেগম বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তালা প্রতীকের তিনি পেয়েছেন চার হাজার ৪৫৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৩৭ ভোট।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, “সব শঙ্কা উড়িয়ে দিয়ে ভোটাররা নিবিগ্নে ভোট প্রদান করেছে। মহিলা ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়।”
গত ২৩ মার্চ উপজেলা নির্বাচনী সহিংসতায় বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামছুদ্দিন প্রধানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
এই নির্বাচনে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কুড়িগ্রামে ৪টি ইউনিয়নে উপ-নির্বাচন
রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তাইজুল ইসলাম চশমা প্রতীক নিয়ে চার হাজার ৬৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এছাড়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে জাতীয় পার্টি সমর্থিত শরবেশ আলী আনারস প্রতীক নিয়ে চার হাজার ৪১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
অপরদিকে শৌলমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে হোসনে আরা আঞ্জু এবং ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী সদরের ২ নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচনে হায়দার আলী নির্বাচিত হয়েছেন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান ও রৌমারীর যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ায় তাদের পদ শূন্য হয়।
এছাড়া শৌলমারী ৭নং ওয়ার্ডের মেম্বার ও ফুলবাড়ীর ২ নং ওয়ার্ড মেম্বারের মৃত্যুজনিত কারণে পদ দুটি শূন্য হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ারেস আনছারী জানান, রাজারহাটে শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জালভোট দেয়ার অভিযোগে দুই মহিলাকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধায় ১টিতে আ. লীগ, ১টিতে বিএনপি
সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উপ-নির্বাচনে চার হাজার ৩৪৯ ভোট পেয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনোয়ারুল ইসলাম জিম মন্ডল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির নুরুন্নবী মিয়া পেয়েছেন তিন হাজার ৫৩৩ ভোট।
এছাড়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উপ-নির্বাচনে তিন হাজার ৯৮৪ ভোট পেয়ে বিএনপি সমর্থিত প্রার্থী গোলাম আযম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মোস্তাফিজুর রহমান বাদল পেয়েছেন তিন হাজার ৯০৩ ভোট।
লক্ষ্মীপুর ও দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে আব্দুল করিম ও সাইদুর রহমান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদ দুইটি শূন্য হয়।
শরীয়তপুরে জয় আ. লীগের
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামরুজ্জামান মানিক সরদার নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বিএনপি সমর্থিত ইব্রাহীম খলিল বেপারী ।
সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজ সরদারের সম্প্রতি মৃত্যু হলে তার পদটি ফাঁকা হয়।
লালমনিরহাটে দুটিতেই আ. লীগ জয়ী
তুষভান্ডার ও ভাদাই ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থীরাই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণকান্ত বিদুর পাঁচ হাজার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
দুই হাজার ৮৫৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী রোকনুজ্জামান রোকন।
এদিকে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর ইসলাম আনারস প্রতীকে ৭ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পাঁচ হাজার ৭৬৬ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান আলী প্রামানিক।
ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান রুস্তম আলী মারা যাওয়ায় এবং তুষভান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদ কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদগুলো শূন্য ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন অফিসার মো. ফজলুল করিম বলেন, “ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।”
বরগুনায় আ. লীগ জয়ী
বামনা ও পাথরঘাটা উপজেলায় দুটি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা আসনে মেম্বর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. শাহজালাল দুই হাজার ৪১৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়া পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ সমর্থিত সিরাজুল ইসলাম মাষ্টার এক হাজার ৫১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
রাতে বামনার রিটার্নিং অফিসার আলমগীর হোসেন ও পাথরঘাটার রিটার্নিং অফিসার সাখাওয়াত হোসেন সরকার তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।
ডৌয়াতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বামনা ও নাচনাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই পদ দুটো শূন্য হয়েছিলো।
হবিগঞ্জে একটি ইউনিয়নের গোলযোগ
হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের ৯টি কেন্দ্রে লাখাই করাব উপ-নির্বাচনে টান টান উত্তেজনা, কেন্দ্র দখলের চেষ্টা আর পুলিশের রাবার বুলেটের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।
বিচ্ছিন্ন সহিংসতায় এখানকার ৩টি কেন্দ্রের ভোট নেয়া স্থগিত থাকে।
রাত ৯ টায় উপজেলা রির্টানিং অফিসার রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নয়টি কেন্দ্রের মধ্যে ৩টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এইসব কেন্দ্রে পুননির্বাচন অনুষ্ঠিত হবে।”
এছাড়া জেলার আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত ইসমাইল হোসেন সরস মিয়া ১ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
লক্ষ্মীপুরে আ. লীগ সমর্থিত প্রার্থী জয়ী
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপি চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার রাতে রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাছির উদ্দিন এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খালেদ হোসেন দেওয়ান (মোটরসাইকেল) প্রতীকে ভোট পেয়েছেন ১২০৪৯টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী গাজী মোস্তফা কামাল (কাপপিরিচ) পেয়েছেন ৫৬০ ভোট।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়।
