২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার সংবাদপত্রের অধিকার কেড়ে নিয়েছে: আমির খসরু

বর্তমান সরকার ভোট, সংবাদপত্র ও বিচার বিভাগের অধিকার কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2014, 08:33 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে সম্প্রচার নীতিমালা প্রণয়নের প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি ।

নগর বিএনপির সভাপতি আমীর খসরু বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের প্রত্যেক অঙ্গ কেটে নিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে।

সরকার বিরোধী দল দমনে রাষ্ট্রীয় সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ২০ দলের ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখোশ উন্মোচন করা হবে।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০ দলের চট্টগ্রাম শাখা এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে আমীর খসরু জাতীয় সম্প্রচার নীতিমালা করার মাধ্যমে সরকার বাকশাল কায়েমের চূড়ান্ত রূপ দিতে চাইছে বলেও মন্তব্য করেন।

নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য সম্প্রচার নীতিমালা করা হচ্ছে। কোন কালো আইন আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না।

সমাবেশ চলাকালে কোনো নেতার  নামে শ্লোগান দিতে মানা করা হলেও সমাবেশে অনেকেই শ্লোগান দিলে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আবুল হাশেম বক্কর, নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও জামায়াতে ইসলামীর নেতা অধ্যক্ষ নুরুল আমিন।