চাঁদাবাজি করে নেতাকে অসম্মান করেছে আ. লীগ: খালেদা
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় শোক দিবস ঘিরে চাঁদাবাজির অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এর মাধ্যমে তারা তাদের নেতাকে অসম্মান করেছে।
শনিবার রাতে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন, সরকারের ভুল নীতির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
“ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান চালাতে পারছেন না। গতকাল ১৫ অগাস্ট কীভাবে চাঁদাবাজি হয়েছে। এর মাধ্যমে তারা তাদের নেতাকে ( শেখ মুজিবুর রহমান) অসম্মান করেছে।”
বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে দাবি করে খালেদা জিয়া বলেন, “আজ দেশে মানুষ বলুন, যে কোনো ধর্মের মানুষ বলুন, কেউ শান্তিতে নেই। দেশটাকে তারা এমন জায়গায় নিয়ে গেছে, সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত হচ্ছে। এই চেতনাকে ফিরিয়ে আনতে হলে আজ আমাদের এক হতে হবে।”
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দিন ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। এদিন আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শোক দিবসে জন্মদিন পালন না করতে বিএনপি চেয়ারপারসনের প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও শুক্রবার প্রথম প্রহরে কেক কেটে জন্মদিন উদযাপন করেন খালেদা জিয়া।
বিএনপির ভাষ্য অনুযায়ী, খালেদা জিয়া এদিন ৬৯ বছরে পা দিলেন।
রোববার শ্রী কৃষ্ণের জন্মোৎসব জন্মাষ্টমী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন খালেদা।
এই অনুষ্ঠানে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মাদারীপুর, গাজীপুর, বরিশাল, ময়মনসিংহসহ বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা অংশ নেন।
খালেদা জিয়া বলেন, “দেশ এক কঠিন সময় অতিক্রম করছে। এ থেকে উত্তরণে শ্রী কৃষ্ণের শিক্ষা অনুসরণ করলে রাষ্ট্র ও সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। তাই দেশে শান্তি ফিরিয়ে আনতে আজ সবাইকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। কী পাবো, কী পেলাম এটা চিন্তা করলে চলবে না।”
জাতীয় সম্প্রচার নীতিমালার সমালোচনা করে তিনি বলেন, দেশকে ‘গণতন্ত্রহীন’ করতে সরকার একের পর এক আইন করছে।
“বর্তমান অবৈধ সরকার জনগণের ভোট ছাড়া ক্ষমতায় বসে একের পর এক আইন করছে। কিছু দিন আগে সম্প্রচার নীতিমালা করেছে। আর কিছু দিন পর দেখা যাবে আমাদের বক্তব্যও প্রচার করা হবে না। দেশকে তারা কোন পথে নিয়ে যাচ্ছে?
“এই অন্যায়ের বিরুদ্ধে ঘরে বসে নয়, বাইরে এসে সবাইকে প্রতিবাদ করতে হবে ঐক্যবদ্ধভাবে।”
আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ করে খালেদা জিয়া বলেন, “সর্বত্র দুর্নীতি ছেয়ে গেছে। টাকা ছাড়া কিছুই হয় না। জেলখানায়ও এখন টাকা লাগে।”
বর্তমান সরকার আমলে হিন্দুদের ওপর বেশি নির্যাতন এবং তাদের সম্পদ বেদখল হয়েছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
এক সরকারি কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সমালোচনা করে তিনি বলেন, “যুগ্ম সচিব বিজন একজন ভালো সরকারি কর্মকর্তা। ভালো কাজ করে বলে তাকে আমরা কাজে লাগিয়েছিলাম। এই সরকার বিজনকে দীর্ঘ দিন ওএসডি করে এখন চাকুরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
“এভাবে গোটা প্রশাসনকে তারা দলীয়করণ করে ফেলেছে। এই সরকারের আমলে ১০০০ জন কর্মকর্তা ওএসডি। অযোগ্য কর্মকর্তাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে। সেজন্য প্রশাসন চলছে না।”
খালেদা জিয়া বলেন, “আমরা সংখ্যালঘু বলে কিছু বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি। বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।”
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পূজা উদযাপন পরিষদের নেতা সুব্রত চৌধুরী, সদ্য বাধ্যতামূলক অবসরে পাঠানো যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, সাংবাদিক বাসু দেব ধর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হরিপ্রদ ভট্টাচার্য, গুলশান-বনানী পূজা উদযাপন কমিটির নেতা পান্না লাল দত্ত, ইসকনের পুরোহিত তেজগোবিন্দ দাস ব্রক্ষচারী, হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক গোবিন্দ বাবু, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নেতা অপর্ণা রায় দাস, নিতাই চন্দ্র ঘোষ, অমলেন্দ দাস অপু, রমেশ দত্ত, তরুণ দে, জয়দেব রায়, মিল্টন বৌদ্ধ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আবদুল আউয়াল মিন্টু, এম এ কাইয়ুম, বরকত উল্লাহ বুলু, শামীমুর রহমান শামীম, নকুল ঘোষ, দেবাশীষ রায় মধু, ইশকনের সম্পাদক চারুদত্ত ব্রক্ষ্মচারী, মহামন্ত্র কীর্তন দাস, দুলাল ব্রক্ষ্মচারী প্রমুখ ছিলেন।
বিএনপির ধর্ম বিষয়ক সহসম্পাদক জয়ন্ত কুণ্ড অনুষ্ঠানটি পরিচালনা করেন।
