২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতার চেতনা ধ্বংসে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়: হাসিনা

বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ বানানোর লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 08:32 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের স্মরণ সভায় তিনি বলেন, “নয় মাস পাকিস্তানের কারাগারে যিনি বন্দি ছিলেন, যার নামে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে।

“তার হত্যাকাণ্ড নিছক একটি হত্যাকাণ্ড না। এই হত্যাকাণ্ড শুধু একটি হত্যাকাণ্ড না। একটি রাষ্ট্র, স্বাধীনতার চেতনা ধ্বংস করাই ছিল এদের লক্ষ্য।”

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ‘জয় বাংলা’ স্লোগান আর বঙ্গবন্ধুর নাম নিষিদ্ধের কথা উল্লেখ করে হাসিনা বলেন, “(তখন) বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ বানানোর চক্রান্ত চলে।”

শনিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই স্মরণ সভায় বাবার স্মৃতিচারণ করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত বলে জানান বঙ্গবন্ধুকন্যা।

“আমার ভয়ভীতি নেই। আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। আমি আমার বাবা-মা, ভাইদের একদিন হারিয়েছি। আমার এতটুকু জীবনের কী মূল্য আছে?”

“কী পেলাম আর কী পেলাম না, তা বড় কথা না। কী দিয়ে যেতে পারলাম, সেটাই বড় কথা। মৃত্যুর পর গিয়ে যেন বাবাকে বলতে পারি, আপনার বাংলার মানুষের জন্য এতটুকু কাজ করতে পেরেছি,” বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন তিনি।

কারো নাম উল্লেখ না করে শেখ হাসিনা বলেন, “যারা বিকৃত ইতিহাস সৃষ্টি করতে চেয়েছিল- তাদের বিকৃত মানসিকতার পরিচয় দেশবাসী প্রতিটি পদে পদে পেয়েছে। তাদের চেহারা উন্মোচিত হয়েছে।”

রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে যারা বিভিন্ন কূটনীতিকদের শরণাপন্ন হচ্ছেন- তাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “যাদের দাসত্ব করা অভ্যাস, তাদের স্বাধীনতা ভালো লাগে না। ভালো না লাগাই তাদের অভ্যাস। এই ভালো না লাগা শ্রেণী থাকবেই।”

বঙ্গবন্ধুর খুনিদের লিবিয়াতে পাঠাতে বিএনপির একজন নেতা ওই সময় কাজ করেছিলেন সাবেক কূটনীতিক শমসের মবিন চৌধুরীর দিকে ইঙ্গিত করেন আওয়ামী লীগ সভানেত্রী।

“মুক্তিযোদ্ধা ছিলেন বলেই জাতির পিতা তাকে জার্মানি পাঠিয়েছিলেন চিকিৎসার জন্য। সেখানে কেলেঙ্কারি করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনা হয়। যোগ্যতা না থাকা সত্ত্বেও তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেয়া হয়।”

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর লিবিয়ার সরকারকে অনুরোধের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

বিবিসি’তে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ফারুক রহমান এবং আব্দুর রশীদের সাক্ষাৎকারের কথা উল্লেখ করে তিনি বলেন, “তারাই বলেছিল যে, বঙ্গবন্ধু এত জনপ্রিয় ছিল যে, তাদের খুন করা ছাড়া কোনো উপায় ছিল না।

“আর, তাদের সমর্থন দিয়েছিল জিয়া। আমাদের বলার অপেক্ষা রাখে না যে জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত।”

পঁচাত্তরে নিজের পরিবারের ওপর নেমে আসা সেই ঝড়ের কথা বলতে গিয়ে বেশ কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা।

“এই শোক-ব্যথা নিয়ে ৩৯টা বছর আমি আর আমার বোন শেখ রেহানা কাটিয়েছি।”

“আমাদের জন্য দুর্ভাগ্য যে, আমরা ওই সময় বাংলাদেশের মাটি ছেড়ে গিয়েছিলাম।

“যখন দেশের মাটি ছেড়ে যাই- যারা আমাদের বিদায় জানিয়েছিল। ফিরে তাদের পাই নাই। ’৮১ সালে দেশে ফিরে শেখ রাসেল, কামাল, জামালকে পাইনি। কিন্তু, দেশে ফিরে পেয়েছিলাম লাখো জনতাকে।”

অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মলেন্দু গুণের লেখা কবিতা পড়ে শোনান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধুকে দাফনের পরপরই লেখা টুঙ্গীপাড়ার মৌলভী শেখ আব্দুল হালিমের লেখা কবিতাটিও পড়ে শোনান প্রতিমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সৈয়দ আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বক্তব্য রাখেন।