২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সরকার গণতন্ত্র নিয়ন্ত্রণ করছে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালার উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 02:35 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শনিবার সকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “বর্তমান সরকার প্রশাসন ও বিচার  বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে সম্প্রচার নীতিমালা করেছে। উদ্দেশ্য একটাই দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করা।”

‘অবৈধ’ ভাবে কেউ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না বলেও হুঁশিয়ার করেন তিনি।

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)।

বিএনপি মুখপাত্র বলেন, “সরকারকে বলব, এখনো সময় আছে। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। অতি দ্রুত জনগণের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। যার মাধমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।”

১৫ আগস্ট নয়া পল্টনে দলীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “শুক্রবারদেড় হাজার পুলিশ দিয়ে নয়া পল্টনের কার্যালয় সরকার ঘিরে রেখেছিলো। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠান হবে জেনে পুলিশ এই কাজ করেছে। ঘরের ভেতরে অনুষ্ঠান হবে এতেই তাদের এতো ভয়। এ থেকে বোঝা যায়, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”

বর্তমান সরকারের রাষ্ট্র পরিচালনার সঙ্গে অতীতের একদলীয় বাকশাল শাসনের মিল রয়েছে মন্তব্য করে তিনি বলেন, “১৯৭৫ সালে যখন বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা জারি করে তৎকলীন আওয়ামী লীগ সরকার জনগণকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন মাত্র ১১ মিনিটে তারা সংসদে একদলীয় বাকশাল পদ্ধতির সরকার ব্যবস্থা পাস করেছিলো।

“এবারের পরিস্থিতি ভিন্ন। বিশ্বব্যাপী গণতন্ত্রের বাতাস বইছে। সেজন্য তারা গণতন্ত্রের আবরণে সব নিয়ন্ত্রণ করে দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছে।”

এনডিপির প্রতিষ্ঠাতা সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের বর্ণাঢ্য জীবন-ইতিহাস তুলে ধরে ফখরুল বলেন, ৫০/৬০ এর দশকে যেসব নেতারা দেশে প্রগতিশীল আন্দোলন করেছেন, তাদের মধ্যে আনোয়ার জাহিদ ছিলেন পথিকৃৎ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বতন্ত্র পরিচিতির বিষয়ে তিনি কখনোই আপস করেননি।

সংগঠনের চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, গণতান্ত্রিক কর্মী শিবিরের চেয়ারম্যান কমরেড নুরুল হক মেহেদী, ন্যাপ সভাপতি জেবেল রহমান গনি, ইসলামিক পার্টির সভাপতি আবদুল মোবিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের জ্যেষ্ঠ নেতা এ টি এম হেমায়েত উদ্দিন, এনপিপি সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি মহাসচিব আলমগীর মজুমদার, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশীদ প্রধান ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বক্তব্য রাখেন।