জন্মদিন একদিন আগে-পরে করুন: খালেদাকে কাদের
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে জন্মদিন ১৫ অগাস্টের আগের দিন বা পরের দিন পালন করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “আমরা যদি ৩০ মে মরহুম জিয়াউর রহমানের মৃত্যুদিবসে শেখ হাসিনার নামে বিতর্কিত একটি জন্মদিবস পালন করতাম, তাহলে আপনাদের কেমন লাগতো?
“তারপরও যদি এটি আপনার জন্মদিবস হয়, তাহলে আগের দিনও করতে পারেন উৎসবটা, পরের দিনও করতে পারেন।”
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
সমালোচনার মধ্যেও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন উদযাপন করে আসছেন খালেদা জিয়া, যার আরো জন্মদিনের খবরও পাওয়া যায়।
জাতির জনককে হত্যার দিনে জন্মদিন উদযাপন না করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দুদিন আগেও বিএনপি চেয়ারপারসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেন, আওয়ামী লীগের নেতাদের ‘তীর্ষক’ কথা-বার্তার কারণেই খালেদা জিয়ার জন্মদিন পালন বিএনপির জন্য অপরিহার্য হয়ে উঠেছে।
ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যমত্যে ও সমঝোতার অন্তরায় ১৫ ও ২১ অগাস্ট।
“গণতন্ত্রের স্বার্থে বিভিন্ন দলের সাথে কর্মপরিবেশ থাকতে হয়, ১৫ অগাস্ট কেক কেটে উৎসব-উল্লাস প্রদর্শন করে সারাবছর কর্মপরিবেশ ও কর্ম সম্পর্ক নষ্ট করা হয়।”
‘বঙ্গবন্ধুকে ছোট করছে হাইব্রিড নেতারা’
আত্মপ্রচারের নামে কোনো কোনো আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধুকে ‘ছোট’ করছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের।
“এইসব হাইব্রিড নেতারা ১৫ অগাস্টকে আত্মপ্রচারের উপলক্ষ করেছে।”
ফাইল ছবি
তিনি বলেন, “এক ১৫ অগাস্টে ব্যানার টানানো হয়, পরের ১৫ অগাস্ট পযন্ত বঙ্গবন্ধুর ছিন্নভিন্ন ছবি ঝুলতে থাকে, এই ব্যানারগুলো কেউ সরিয়ে ফেলার সাহসও পায় না।”
“এরা হচ্ছে হাইব্রিড নেতা। দেশ সিকি নেতা, উঠতি নেতা, পাতি নেতায় ভরে গেছে। নেতাদের উজ্বল উজ্বল ছবি, চাঁদাবাজ নেতাদের ছবি বঙ্গবন্ধুর পাশে দেখে কষ্ট পাই,” বলেন ওবায়দুল কাদের।
কাজ ফেলে অনুষ্ঠানে
সচিবালয়ে চার নম্বর ভবনের পেছনে বহুমুখী সমবায় সমিতির সামনে প্যান্ডেল টানিয়ে শোক দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী সমবেত হন। বেলা সাড়ে ১২ থেকে অনুষ্ঠান শুরু হয়ে সাড়ে ৩টা পর্যন্ত তারা কাজ ফেলে এই অনুষ্ঠানেই ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি যোগাযোগমন্ত্রী উপস্থিত হন দেড়টায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মনজুর হোসেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব এ এস এস এম জহিরুল হক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সচিব এম এ কাদের সরকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
