২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির তিন দিনের কর্মসূচি

দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2014, 03:12 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

কর্মসূচির মধ্যে আছে, ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অপর্ণ, রক্তদান কর্মসূচি, বিকাল ৩টায় দলের কার্যক্রমের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

এছাড়া ৩১ অগাস্ট ঢাকায় আলোচনা সভা এবং ২ সেপ্টেম্বর নয়া পল্টনের কার্যালয় থেকে শোভাযাত্রা বের করা হবে।

মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

ব্রিফিংয়ে রিজভী বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। সারাদেশে দিবসটি পালনের জন্য সব কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।”

তিনি জানান, দিবসটি উপলক্ষে ক্রোড়পত্র ও পোস্টার ছাপানো হয়েছে।

এর আগে বেলা ১২টায় কার্যালয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম মহাসচিবসহ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়।

বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জমান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।