২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর বিএনপির শাখা কমিটি করতে ১৫ টিম

রাজধানীর থানা-ওয়ার্ড পর্যায়ের কমিটির করতে ১৫ দলকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 07:58 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

রোববার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর নতুন কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুত কমিটি গঠন করার জন্য মহানগরের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ ও জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ১৫টিম গঠন করা হয়েছে। এলাকাভিত্তিক ভাগ করে দিয়ে ওই টিমকে বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্ব দেয়া হয়েছে।”

গত ১৮ জুলাই মির্জা আব্বাসের নেতৃত্বে ৫২ সদস্যের মহানগরের আহ্বায়ক কমিটি ও চার সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করে বিএনপি। ঢাকা মহানগরে ৪৯ টি থানা ও ১০০টি ওয়ার্ড ও ১৮টি ইউনিয়নের সাংগঠনিক কমিটি রয়েছে।

মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সভায় রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল আউয়াল মিন্টু, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু,  আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কাজী আবুল বাশার, এস এ খালেক, এম এ কাইয়ুম, আবুল খায়ের ভুইয়া ও মো. সাহাবুদ্দিনসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল।

বৈঠকের পর মির্জা আব্বাস সাংবাদিকদের বলেন, “বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করতে আমরা কাজ করে যাচ্ছি।”

মহানগরে অর্ন্তকোন্দলের গুঞ্জনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,  “আমাদের মধ্যে কোনো গ্রপিং নেই। পত্রিকাগুলোতে কোন্দলের খবর দেখছি। সব পত্রিকা নয়, বিশেষ কতগুলো পত্রিকায় তা প্রকাশ পায়।’’

আন্দোলন নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা আব্বাস বলেন, “আজকের পত্রিকায় দেখলাম নাসিম সাহেব বলেছেন, মাঠে দেখা হবে। আমরা তো আসলে মাঠেই দেখা করতে চাই। কিন্তু ওনারা চান পুলিশ-র‌্যাব দিয়ে আমাদের মোকাবেলা করতে।

“নাসিম সাহেবকে বলব, আপনারা একটা মিটিং দেন, আমরা একটা দিব। ঝগড়া-বিবাদ করার কিছু নাই। জনপ্রিয়তা দেখার জন্য একটা সুষ্ঠু নির্বাচন দেন। মাঠ তো সেটা হবে।”

তিনি বলেন, “এখন তারা (আওয়ামী লীগের নেতা) যেভাবে দেশ চালাবেন, সেভাবে দেশ চলবে; আমরা কথা বলতে পারব না, সভা-সমাবেশ করতে পারব না। এসি রুমে বসে হুংকার দেবেন, এটা আর বেশি দিন চলবে না।”