২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদাই বিএনপির বারোটা বাজিয়েছেন’

সরকার পতনের আন্দোলনের হুমকির মধ্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে আগামী নির্বাচনের জন্য অপেক্ষার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2014, 03:33 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শনিবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার অধিদপ্তরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আল্লাহর দুনিয়াতে অনেক ঈদ আসবে, কিন্তু আপনার ঈদ রোজ কেয়ামত পর্যন্ত কোন দিন আসবে না।”

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ ওই আলোচনাসভার আয়োজন করে।

এরই মধ্যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ঈদের পর আন্দোলন শুরুর ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি।

নাসিম বলেন, “ভুল আমরা করি নাই, নির্বাচনে অংশ না নিয়ে বেগম জিয়া ভুল করেছেন এবং নিজের কপাল পুড়িয়েছেন। উনার দলকে বারোটা বাজিয়েছে কে? ভুল সিদ্ধান্ত নিয়ে উনি নিজেই বিএনপির বারোটা বাজিয়েছেন। আমরা কেউ বাজাইনি।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিকূল অবস্থার মধ্যে নির্বাচন করেছে। আমরা একবার ছাড়া বারবার নির্বাচন করেছি। কখনো পরাজিত হয়েছি, কখনো জয়ী হয়েছি। পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নির্বাচন ছাড়া কোনো পলটিক্যাল পার্টি টিকতে পারে না।”

নিজেদের ভুল সংশোধনের জন্য বিএনপি মানুষকে জ্বালিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

“তারা এখন পুড়িয়ে দিতে চান, স্কুল বন্ধ করে দিতে চান, হরতাল অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করতে চান। কিন্তু বেগম জিয়ার দলকে বলতে চাই, আপনাদের ভুলের খেসারত বাংলার জনগণ দেবে না।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “আপনাদের ভুল সংশোধনের জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে চুপচাপ থাকুন। নিজের দল গোছান, ২০১৯ সালে খেলা হবে মাঠে, দেখবো কে জেতে।”

ছাত্রলীগকে শেখ কামালকে অনুসরণ করার আহ্বান জানিয়ে নাসিম বলেন, শেখ কামাল বঙ্গবন্ধুর ছেলে হয়েও সর্বদা সংগঠনের জন্য কাজ করেছেন। তিনি একধারে রাজনীতিক, সংগঠক, সংগীত প্রেমী, ক্রীড়া প্রেমী। আমাদের তার মতো হতে হবে। তাতে ছাত্রলীগের যদি কোনো দুর্নাম হয় তাহলে শেখ কামালের দুর্নাম হবে, শেখ হাসিনা কষ্ট পাবেন।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে তিনি বলেন, তিনি এক আদর্শ মহিয়সী নারী এবং বঙ্গবন্ধুর প্রেরণাদায়ক শক্তি। সারাজীবন নিভৃতে থেকে আওয়ামী লীগকে সহযোগিতা করেছেন।

ছাত্রলীগের সাধারন সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের সঞ্চালনায় এবং সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত ছিলেন, পার্বত্য চট্ট্রগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনসহ ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাবির বিভিন্ন হলের নেতাকর্মীরা।