চাঁদা না পেয়ে ‘বন্দুকযুদ্ধের নামে’ রাজিবকে হত্যা: বিএনপি
গোয়েন্দা পুলিশকে চাঁদা না দেয়ায় ‘বন্দুকযুদ্ধের নামে’ স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড পর্যায়ের নেতা রাজিব আহসানকে ‘গুলি করে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রামপুরা থানার ২২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাজিব আহসানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ মোটা অংকের চাঁদা চায়।
“চাঁদা দিতে অপারাগতা প্রকাশ করলে গত বুধবার গভীর রাতে হাতিরঝিল এলাকায় বন্দুকযুদ্ধের নামে কাহিনী সাজিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।”
গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে বলা হচ্ছে, বৃহস্পতিবার ভোররাতে হাতিরঝিলে দুটি মোটর সাইকেলে চারজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা পুলিশের দিকে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়।
ফাইল ছবি
এ সময় এক যুবক গুলিবিদ্ধ হয় এবং বাকিরা পালিয়ে যায়।পরে হাসপাতালে তাকে রাজিব বলে সনাক্ত করা হয়।
মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, রাজিব রামপুরায় সিআইডির সাবেক কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) ফজলুল করিম হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগও রয়েছে।
বিএনপি নেতা রিজভীর অভিযোগ, গত ৫ অগাস্ট ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মনিরকে ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা’ কুপিয়ে হত্যা করেছে।
“এভাবে সরকার অনুগত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বেআইনি গুম-খুনের নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। এ সরকারের আমলে গুম-অপহরণ-খুন এবং ক্রসফায়ার-বন্দুক যুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।”
তিনি অবিলম্বে রাজিব ও মোস্তফা মনিরের ‘হত্যাকারীদের’ বিচারের দাবি জানান।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিংয়ে খোদ প্রধানমন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল তোলেন রিজভী।
তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অগ্নিগরল মেশানো বক্তৃতা প্রতিদিন দেশের মানুষ শুনছে। অস্থিতিশীলতার জন্য বিএনপিকে দায়ী করে প্রতিনিয়ত তিনি মিথ্যার গোলকধাঁধাঁ তৈরি করে চলেছেন। অন্যদিকে আওয়ামী লীগের ক্যাডারদের দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাছাইকৃত কর্মকর্তারা নারকীয় প্রাণহরণের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।”
‘বিরোধী দলবিহীন’ একটি রাজনৈতিক ব্যবস্থা কায়েম করতে সরকার ‘নানা রকম তৎপরতা’ চালাচ্ছে বলেও রিজভী অভিযোগ করেন।
“সরকার কিছুটা লোকলজ্জার কারণে বাকশাল নামটা এবার হুবহু ব্যবহার না করে ভিন্ন কায়দায় একই রকম একদলীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। বিরোধী মতকে নির্মূল করতে রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে।”
মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারে ব্যর্থতায় সরকারের সমালোচনা করে রিজভী বলেন, “প্রতিদিন সড়ক, নৌ, রেল দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। অথচ সরকারের মন্ত্রীরা জবাবদিহিতা দূরে থাক, নির্বিকার ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন।
“আজ এক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে, পদ্মা নদীতে এতো বড় ট্র্যাজেডির পরও সংশ্লিষ্ট মন্ত্রী ভিন্ন আরেকটি কাজে ব্যস্ত রয়েছেন।”
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, হাবিব উন নবী খান সোহেল, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, মীর সরফত আলী সপু, শফিউল বারী বাবু, বেলাল আহমেদ ও আবদুল আউয়াল খান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
