২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন দিতে বাধ্য করা হবে: ফখরুল    

ক্ষমতায় যাওয়ার জন্য নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছেন বলে দাবি করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 04:31 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকার আগে প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণ করত। এখন সম্প্রচার নীতিমালার নামে সংবাদপত্র নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

গত ৫ জানুয়ারি একটি তামাশার নির্বাচন করেছে। অনির্বাচিত সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।

ফখরুল বলেন, তখন সরকার বলেছিল- সংবিধানিক বাধ্যবাধকতায় তারা নির্বাচন করছে। দ্রুততম সময়ে আবার নির্বাচন করবে। কিন্তু এখন ক্ষমতায় টিকে থাকার জন্য একের পর এক আইন করছে। বাংলার মানুষ তা মেনে নেবে না।

আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে দ্রুত নির্বাচন দিতে বাধ্য করা হবে, বলেন ফখরুল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

নারায়ণগঞ্জে সম্প্রতি সাত খুনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করা হয়েছে। আওয়ামী লীগ গত পাঁচ বছরে দেশের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান নেতাকর্মীদের প্রতি।

সোনারগাঁও উপজেলা বিএনপি সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, জেলা সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, সোনারগাঁও উপজেলা সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান প্রমুখ।