তোবায় বেতনের উদ্যোগ আগেই নেয়া যেত: সুরঞ্জিত
বেতন-ভাতা নিয়ে তোবা গ্রুপের পোশাক শ্রমিকদের সমস্যা সমাধানে ‘বিলম্ব হওয়ায়’ খেদ প্রকাশ করেছেন আওয়ামী লীগনেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
তবে ঈদের আগের দিন থেকে অনশন চালিয়ে আসা তোবাকর্মীরা শেষ পর্যন্ত বেতন পাওয়ায় নৌমন্ত্রী, শ্রম প্রতিমন্ত্রী ও বিজিএমইএকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুক্রবার সমকালীন রাজনীতি নিয়ে এক আলোচনায় সুরঞ্জিত বলেন, ‘মনোযোগী হলে’ আরো আগে এ সমস্যার সমাধান করা যেত।
“নৌমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, একাজ অনেক আগেই করা যেত। আগে করলে এমন অবস্থা হতো না। তবে সরকারকে অভিনন্দন।”
‘উগ্রবাম রাজনীতির’ আপোষহীন মনোভাবের সমালোচনা করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “যারা ট্রেড ইউনিয়নে বাম রাজনীতি করেন তাদের সকলকে রাজনীতির বাস্তবতা দেখতে হবে, হঠকারিতাকে নয়।”
তোবাকর্মীদের বেতন নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়ে তার ‘বাকিটুকুও শেষ করতে হবে’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, আগামী ঈদে যেন এর পুনরাবৃত্তি না হয়।
সরকার ও বিজিএমইএর উদ্যোগে গত বুধ ও বৃহস্পতিবার বিজিএমএইএ ভবনে তোবাকর্মীদের দুই মাসের বেতন পরিশোধ করা হয়। তবে কিছু শ্রমিক এখনো বেতন নেননি।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, তোবাকর্মীদের পাওনা বাকি টাকা আগামী রোববারের মধ্যে পরিশোধ না করলে ব্যবস্থা নেবে সরকার।
মুক্তিযুদ্ধবিরোধী দলের বিচার হবে
মুক্তিযুদ্ধে বিরোধীকারী রাজনৈতিক দলেরও বিচার হবে জানিয়ে সুরঞ্জিত বলেন, “র্যাপ বললেন দলের বিচার করা যাবে না, উনি এটা পাইলেন কই?
“তাকে বুঝতে যে ১৯৭১ সালে জামায়াত দল হিসাবে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ ছিল। পাক-বাহিনীর সঙ্গে হাতে হাত রেখে নিরীহ মানুষদের হত্যা করেছে।”
‘কে কি বলল সেটা বড় কথা নয়’ মন্তব্য করে সুরঞ্জিত বলেন, যুদ্ধাপরাধে সংশ্লিষ্ট যেসব সংগঠন তাদেরও বিচার বাংলার মাটিতে হবে।
চলমান যুদ্ধাপরাধের বিচারে দল নয়, ব্যক্তির অপরাধের দিকে নজর দিতে সম্প্রতি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের যুদ্ধপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন জে র্যাপ।
“কিছু ব্যক্তি ওই সব সিদ্ধান্ত নিয়েছে এবং ওই সব অপরাধ সংঘটনের জন্য অন্যদের সংগঠিত করেছে। তাই এই বিচারের ক্ষেত্রে দল নয়, ব্যক্তির বিচার হওয়া গুরুত্বপূর্ণ।”
সিয়েরা লিওনে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর র্যাপের মতে, ভবিষ্যতে শান্তি ও সমঝোতার জন্য দল নয়, ব্যক্তির বিচার করা ‘প্রয়োজন’।
বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে এই আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা নাজির মিয়ার সভাপতিত্বে সাংসদ সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন পল্টু ও সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া বক্তব্য রাখেন।
