তোবা শ্রমিকদের ওপর হামলার নিন্দায় বিএনপি
তোবা গ্রুপের কারখানায় অনশনকারী শ্রমিকদের ওপর পুলিশি অভিযান ও তাদের পিটিয়ে বের করে দেয়ার ঘটনাকে সরকারেরর ‘বর্বর’ শাসনের বহিঃপ্রকাশ বলে এর নিন্দা জানিয়েছে বিএনপি।
বেতন দাবিতে রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের কারখানায় অনশনরত শ্রমিকদের বৃহস্পতিবার পুলিশ উঠিয়ে দেয়ার পর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি
“এই ঘটনায় প্রমাণ হয়, দেশে বর্তমানে বর্বরদের শাসন চলছে। আমরা এহেন অমানবিক, বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
‘প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকা ‘অবৈধ’ এই সরকার নিজেদের খেয়াল খুশিতে দেশ চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি অবিলম্বে আন্দোলনরত শ্রমিকদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাস দিতে উদ্যোগ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।
ফখরুল বলেন, “দেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার এবং পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অর্থাৎ বিজিএমইএ যথাযথ ভূমিকা নিলে তোবা গার্মেন্টস শ্রমিকদের সব বকেয়া বেতন ও ঈদ বোনাসের সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যেই সম্ভব।”
