২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সম্প্রচার নীতিমালা: রাজশাহীতে জামায়াতের মিছিল, আটক ৫

সম্প্রচার নীতিমালার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে রাজনৈতিক দলের নিবন্ধন হারানো জামায়াতে ইসলামী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 01:10 PM

Updated : 25 Apr 2022, 04:31 PM

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নগরীর সাহেববাজার মনিচত্বর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে পাঁচজনকে আটক করে। 

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম আব্দুস সোবহান জানান, পুলিশের অনুমতি ছাড়াই মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জামায়াত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।

“অনুমতি ছাড়া মিছিল বের করায় এবং মিছিলে বিভিন্ন মামলার আসামিদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করা হয়েছে।”

যাছাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া বলে জানান ওসি সোবহান।

একটি স্বাধীন কমিশন গঠনের বিধান রেখে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায় ‘জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪’।