সম্প্রচার নীতিমালা: বিক্ষোভ করবে জামায়াত
জাতীয় সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় অনুমোদনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জামায়াতের এই নেতা।
কেন্দ্রীয় প্রচার বিভাগের মো. ইব্রাহিম স্বাক্ষরিত বিবৃতিতে শফিকুর বলেন, “সকল গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের অধিকার হরণ করার লক্ষ্যে সরকার যে সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সোমবার নানা বিষয়ে দিক নির্দেশনা দিয়ে টেলিভিশন ও রেডিও’র জন্য প্রচার নীতিমালা অনুমোদন করে মন্ত্রিসভা।
গণমাধ্যমের কণ্ঠরোধ করতে এই নীতিমালা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
