২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

গত বছর রাজধানীর বেইলি রোডে ভাংচুর-বিস্ফোরণের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:10 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

এর মধ্যে একটি অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে গত বছর ২ মার্চ বেইলি রোডে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। অন্য অভিযোগপত্র দেয়া হয়েছে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক দীপক কুমার দাস মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দুটি দায়ের করেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৩ সালের ২ মার্চ রাজধানীর মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকায় দলটির মিছিল থেকে ব্যাপক হামলা, ভাংচুর চালানো হয়।পুলিশের সঙ্গে সংর্ঘষের পর হোসাফ টাওয়ারের সামনে একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয় মিছিলকারীরা।

ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় মির্জা ফখরুলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ।

দুটি অভিযোগপত্রে মির্জা ফখরুল ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান,  যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লা বুলু, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খান সোহেলসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক মাহামুদুর রহমান জানান, বুধবার দুটি অভিযোগপত্র বিচারকের কাছে উপস্থাপন করা হবে।