সিরাজগঞ্জে আ. লীগ নেতা খুন
সিরাজগঞ্জের বেলকুচিতে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্মাণাধীন কার্যালয়ের দোতলার একটি কক্ষ থেকে শাহ আলম সরকার ওরফে কালুর (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ।
কালু চালা অফিসপাড়া গ্রামের আয়নাল হকের ছেলে ও বেলকুচি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
বেলকুচি থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম জানান, কালু নির্মাণাধীন ওই ভবনের ঠিকাদারের রক্ষাণাবেক্ষণকারী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সোমবার রাত ১০টার দিকে ওই ভবনের দোতলার একটি কক্ষে ঘুমিয়ে পড়েন কালু।
সকালে শ্রমিকরা ঘরের দরজা খোলা অবস্থায় দেখে ভেতরে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “নিহতের গলায় দাগ রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় নিহতের ভাই জিন্নত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।
