২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পেছাল রিজভীদের অভিযোগ গঠন শুনানি  

গাড়ি ভাংচুর ও ত্রাস সৃষ্টির মামলায় বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুকসহ জোটের ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫তম বারের মতো পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 12:55 PM

Updated : 22 Aug 2022, 06:50 PM

মঙ্গলবার আসামিপক্ষ সময়ের আবেদন করলে ঢাকার দ্রুত বিচার আদালতের হাকিম তারেক মাইনুল ইসলাম ভূঁইয়া আগামী ২৫ অগাস্ট অভিযোগ গঠনের শুনানির নতুন দিন রাখেন।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আসামিদের অন্যতম আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানান, মঙ্গলবার ১৪৮ জনের মধ্যে রিজভী, আমানসহ ৭৬ জন হাজির ছিলেন। ফারুকসহ অনুপস্থিত ৭২ জন সময়ের আবেদন করেছেন।

এছাড়া ড্যাব নেতা এম জেড এম জাহিদ হোসেন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি কর্মী মো. আনোয়ার ও তাজুল ইসলামের পক্ষে অব্যাহতির আবেদন দেয়া হয়।

গত বছরের ১১ মার্চ বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও সহিংসতার মাধ্যমে জনমনে ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এ মামলা হয়।

সে সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ১৫৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই বছরের ২৪ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মাহবুবুল হাসান ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দেন।