২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দলের ভূমিকায়: রাঙ্গা

জাতীয় পার্টি কখনোই ‘আওয়ামী লীগে বিলীন হবে না’ দাবি করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, তার দল এখন ‘সত্যিকারের বিরোধী দলের’ ভূমিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 11:09 AM

Updated : 13 Oct 2022, 12:24 PM

রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।

তিনি বলেন, “জাতীয় পার্টি কখনোই আওয়ামী লীগে বিলীন হবে না। জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে বিশ্বাসী। সেজন্যই বিরোধী দলে থেকে গঠনমূলক ভূমিকায় অবতীর্ণ হয়েছে।”

ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষার জন্যই জাতীয় পার্টি গত ৫ জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল মন্তব্য করে রাঙ্গা বলেন, “জাতীয় পার্টি এখন সত্যিকারের বিরোধী দলের ভূমিকায় রয়েছে বলেই এরশাদ সাহেব সরকারের সমালোচনা করছেন প্রকাশ্যে। এটিই হচ্ছে সত্যিকারের গণতন্ত্রের সৌন্দর্য।”

গত শনিবার ঢাকায় জাতীয় পার্টির এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ সরকারের সমালোচনা করে বলেন, “সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। যে সরকার সুশাসন দিতে পারে না, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না, তাকে গণতান্ত্রিক বলা যায় না।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে রাঙ্গা বলেন, “এরশাদ যা বলেন তা বুঝেশুনেই বলেন। তার কাছে দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ সবসময় প্রাধান্য পায়। তিনি এ ধরনের মতামত প্রকাশ করায় বিরোধী দলের গঠনমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে।”

যুক্তরাষ্ট্র সফরে থাকা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিতে স্থানীয় জাতীয় পার্টির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাহবুব বুলু।

রাঙ্গা অনুষ্ঠানস্থলে আসার পর বিপুল করতালির মধ্যে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী এবং যুগ্ম সম্পাদক এম এ করিম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিজের নির্বাচনী এলাকা রংপুরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের চিত্র তুলে ধরে রাঙ্গা বলেন, “সম্প্রতি আমি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রংপুরের ছেলে সজীব ওয়াজেদ জয়কে পীরগঞ্জে নিয়েছিলাম। সে সময় জয় অঙ্গীকার করেছেন যে চলতি মেয়াদের মধ্যেই রংপুরে গ্যাস সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ঘটাবেন।”

রাঙ্গা বলেন, “জয় অন্য রাজনৈতিক দলের নেতা। তারপরও আমি এলাকায় তার জন্য বিপুল সংবর্ধনার আয়োজন করেছি উন্নয়নের স্বার্থে। এটাই হচ্ছে জাতীয় পার্টির রাজনীতির মূল চেতনা।”

৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নিলেও কমপক্ষে ৮০টি আসন পেত দাবি করে দলের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, “এরশাদ সাহেব সারাটি জীবন দেশের কল্যাণ চেয়েছেন। সেজন্যেই তার নির্দেশে আমরা সরকারে যোগ দিয়েছি।”