২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আন্দোলনের নামে বিভ্রান্ত করছে: মায়া

আন্দোলনের হুমকি দেয়ার পরও বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা না করে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

রোববার সচিবালয়ে নিজের দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে মন্ত্রী বলেন, “তারা মানুষকে বিভ্রান্ত করেছে। যারা আপনারা দেশ চালাবেন সবাইকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা আপনাদের কাজ করে যাবেন।”

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়ে রেখেছেন। তবে ঈদের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি তার দল। 

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এরই মধ্যে গত শুক্রবার চিকিৎসার জন্য বিদেশে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অবশ্য শনিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আন্দোলনের কর্মসূচি শিগগিরই ‘চূড়ান্ত’ করা হবে।

বিএনপি প্রধানের উদ্দেশ্যে মায়া বলেন, “আপনি (খালেদা জিয়া) হুমকি দেন, ঈদের পর আজ ৩ তারিখ, আরেকজনতো হুমকি দিয়ে বিদেশে চলে গেছেন। কি আন্দোলন করবে বলেন তো!”

আগামী নির্বাচন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করতে হবে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “২০১৯ সালের ৫ জানুয়ারির আগে নির্বাচন হবে না, সংবিধান মোতাবেক এ সরকারের অধীনেই ২০১৯ সালে নির্বাচন হবে।”

ঈদে সাধারণ মানুষের ভ্রমণে সমস্যা হয়নি মন্তব্য করে এ জন্য যোগাযোগ, রেল, নৌ পরিবহন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী।