২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগও প্রস্তুত: নাসিম

ঈদের পর বিএনপির আন্দোলন প্রতিরোধে আওয়ামী লীগ ‘প্রস্তুত’ রয়েছে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 06:47 PM

রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি ঈদের পরে আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করবে। এটা প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত।”

৫ জানুয়ারির সংসদ নির্বাচনের পর থেকেই বর্তমান সরকারকে ‘অগণতান্ত্রিক’ আখ্যায়িত করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের জন্য সংলাপের দাবি জানিয়ে আসছে বিএনপি।

দাবি না মানলে ঈদের পর আন্দোলনে নামারও ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার সংলাপের আহ্বানে সাড়া না দিলে ঈদের পর দেশে ‘তুমুল যুদ্ধের পদধ্বনি’ শোনা যাবে।

এ প্রসঙ্গে নাসিম বলেন, “ওরা যুদ্ধ ঘোষণা করেছে মানুষ হত্যার জন্য। আর আমরা যুদ্ধ ঘোষণা করেছি বাংলাদেশের গ্রামে গ্রামে সাধারণ জনগণকে স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং খাদ্য বস্ত্র পৌঁছে দেয়ার জন্য।”

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “সংবিধান অনুযায়ী ২০১৯ সালে নির্বাচন হবে। এই সরকার নির্বাচনের একদিন আগেও ক্ষমতা ছাড়বে না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “নির্বাচনে না এসে যে ঐতিহাসিক ভুল আপনারা করেছেন তার খেসারত আপনাদের দিতে হবে। কেন আপনারা নির্বাচনে এলেন না? এখন মিডিয়ার যুগ। কারচুপির কোনো সুযোগ ছিল না। জনগণের রায় পক্ষে নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও তা নিলেন না।”

রাজধানীর প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এই আলোচনা সভার অপর বক্তা খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “নির্দলীয় সরকার নিয়ে কোনো সংলাপ হবে না। তবে আগামী নির্বাচনের আগে অন্তবর্তী সরকারে আপনারা কতোজন মন্ত্রী চান তা নিয়ে সংলাপ হতে পারে।”

তারানা হালিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় অন্যদের মধ্যে জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ সভাপতি এ টি এম শামসুজ্জামান ও চিত্তরঞ্জন দাস উপস্থিত ছিলেন।