২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় প্রতিনিধি পাঠাবে ১৪ দল

গাজায় টানা দশ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা আড়াইশ ছড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে সেখানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ১৪ দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজেস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 05:07 PM

Updated : 25 Apr 2022, 04:27 PM

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আহ্বান জানানো হয়েছে ১৪ দলের পক্ষ থেকে।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক বৈঠক এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, “গাজায় যে ঘটনা ঘটছে, তা কোনো সভ্য রাষ্ট্রের কাজ হতে পারে না। এটা মানব ইতিহাসের জঘন্যতম হামলা। কয়েকটি দেশ তারপরও এতে মদদ দিচ্ছে, যা দুঃখজনক।”

গাজার ইসরায়েলি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাসিম বলেন, “পবিত্র রমজান মাসে প্রতিদিন সেখানে রক্ত ঝরছে। এ ঘটনার মধ্য দিয়ে একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে।”

ভারতের সঙ্গে সমুদ্রসীমা মামলার রায়ে বাংলাদেশ ‘জয়ী হওয়ায়’ কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।

নাসিম বলেন, শেখ হাসিনার ‘দৃঢ়চেতা ও সময়োচিত’ পদক্ষেপের কারণেই ভারতের সঙ্গে ‘সমুদ্রসীমা জয়’ সম্ভব হয়েছে।

আগামী সেপ্টেম্বরে দেশের সব বিভাগে ১৪ দলের সমাবেশ এবং ঢাকায় একটি প্রতিনিধি সন্মেলন হবে বলেও জানান তিনি।

মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই বৈঠকে অন্যদের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের মাহাসচিব এম এ আউয়াল, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এস কে শিকদার এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস উপস্থিত ছিলেন।