‘যুদ্ধ নয়, ভোটের অধিকারের জন্য আন্দোলন’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, যুদ্ধ নয়, ভোটের অধিকার আদায়ের দাবিতে ঈদের পর আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
এজন্য ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি চেয়ারপারসন এ কথা বলেন।
জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত ইফতারে জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের সংবাদ কর্মীরা অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে দেশের বর্তমান অবস্থাকে দুঃসময় অভিহিত করে খালেদা জিয়া বলেন, “দেশের মানুষ আজ অত্যাচারিত ও পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের কোনো নিরাপত্তা নেই। কর্মসংস্থান নেই। দারিদ্র্য বাড়ছে। কর্মহীন যুবসমাজ হতাশার মধ্যে দিন কাটাচ্ছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে সরকারের কোনো নজর নেই। যেখানে টাকা সেখানে তাদের লুটপাট ও দুর্নীতি। রাজধানীতে প্রচণ্ড যানজট। ঢাকা একটি নোংরা শহরে পরিণত হয়েছে।
“ঢাকা ও মহাসড়কের রাস্তা-ঘাটের কী অবস্থা? কোথায় সরকার? কোথায় কাজ?”
৫ জানুয়ারি ভোট হয়নি দাবি করে খালেদা জিয়া বলেন, “বিদেশিরা ওই নির্বাচনকে মেনে নেয়নি। তারা বলেছে, আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচন দিতে।
“অনির্বাচিত সরকার দিয়ে দেশ চলতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেশে সুশাসন প্রতিষ্ঠা পাবে, দারিদ্র্য দূর হবে।”
ঈদের পর সরকারবিরোধী আন্দোলনের কথা আবারও ব্যক্ত করে খালেদা জিয়া বলেন, “আমরা যুদ্ধ করতে বলিনি। ঈদের পর আমরা অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করবো। ভোটের অধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করবো। তাই সবাইকে বলব, ভেদাভেদ ভুলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিএনপি চেয়ারপারসন বলেন, “ক্ষমতাসীন ছাত্রলীগের গুণ্ডাদের হাতে অনেক সাংবাদিকরা প্রহৃত-নির্যাতিত হয়েছে। ক্ষমতাসীনরা ছাড়া দেশের কেউ ভালো নেই। মানুষের মুখ তারা বন্ধ করে দিচ্ছে। যারাই সত্য কথা বলে, তাদের ওপর হয়রানি চালানো হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।”
জ্যেষ্ঠ সাংবাদিকদের মধ্যে আবদুল গফুর, আবদুল বাতেন, খন্দকার মনিরুল আলম, এলাহী নেওয়াজ খান সাজু, আবদুস শহীদ, বাকের হোসাইন, মুন্সী আবদুল মান্নান, নুরুল হুদা, আবু সালেহ, মাহমুদ শফিক, কামরুল ইসলাম চৌধুরী, আবদুল আউয়াল ঠাকুর, মেজবাহ উদ্দিন আহমেদ, এম আবদুল্লাহ, খোরশেদ আলম, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ ইফতারে ছিলেন।
কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর তাসনিম আহমেদ, লেবার পার্টির মুস্তাফিজুর রহমান ইরান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জাগপার আসাদুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ন ম ইউসুফ হায়দার, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সাবেক তথ্য সচিব জাফর আহমেদ চৌধুরী, এমবি অ্যাসোসিয়েশনের সৈয়দ আলমগীরও ইফতারে ছিলেন।
বিএনপির নেতাদের মধ্যে ড. আর এ গনি, মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া,আলতাফ হোসেন চৌধুরী, আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল আলম চৌধুরী, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, রফিক শিকদার, শিরিন সুলতানা, শামীমুর রহমান শামীম, এম এ মালেক, মনির খান শিল্পী রিজিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
