সরকার ফের গ্রেপ্তার-হয়রানিতে: বিএনপি
ঈদের পর আন্দোলনের ডাক শুনে ‘দিশেহারা’ সরকার রোজার মধ্যেই গ্রেপ্তার-হয়রানি শুরু করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার সকালে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “ওদের শিকড়ে শিকড়ে এখন পতনের ভয়। রমজানের পবিত্র মাসে সরকার নিষ্ঠুর নিপীড়ন-নির্যাতন শুরু করেছে। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে দিয়ে তারা বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে।”
পুলিশি হয়রানির কারণে বিএনপির ‘হাজার হাজার নেতা-কর্মী’ এলাকাছাড়া বলেও দাবি করেন রিজভী।
তিনি অভিযোগ করেন, গত ৪ জুলাই আশুলিয়া থানা যুব দলের সিনিয়র সহসভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুর রহমানকে মসজিদ থেকে বের হওয়ার পর পুরনো মামলায় গ্রেপ্তার করে নির্যাতন চালিয়েছে পুলিশ।
“মিরপুরের ১১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর থেকে বিএনপি নেতা রফিক, মিন্টুসহ ৭/৮ জনকে বিনা কারণে গ্রেপ্তার করেছে পুলিশ। সারাদেশ থেকে আমরা এরকম গ্রেপ্তারের খবর পাচ্ছি।”
রিজভী বলেন, ‘চাকরি বাঁচানোর প্রতিযোগিতায়’ সরকারের মন্ত্রীরা নানা রকম ‘উস্কানি’ দিয়ে বেড়াচ্ছেন।
বর্তমান সংসদকে ‘অবৈধ ও জনপ্রতিনিধিত্বহীন’ আখ্যায়িত করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, “সংসদ এখন গানবাজনার বিচিত্রানুষ্ঠানের কেন্দ্রে পরিণত হয়েছে। সেখানে জনগণের জন্য কোনো আইন প্রণয়ন হয় না।”
অন্যদের মধ্যে বিএনপির মহানগর সদস্য সচিব আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, আবদুস সালাম আজাদ, হুমায়ুন ইসলাম খান, রফিক শিকদার, আবদুল আউয়াল খান সংবাদ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
