খালেদার দুই আবেদনের শুনানি ১৩ জুলাই
দুর্নীতির দুই মামলায় অভিযোগ গঠনকারী বিচারক নিয়োগের বৈধতা নিয়ে হাই কোর্টে খারিজ হওয়া দুই রিট আবেদনের বিষয়ে খালেদা জিয়ার করা দুই আবেদনের শুনানি হবে আগামী ১৩ জুলাই।
মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই দিন রাখেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। এছাড়াও ছিলেন মওদুদ আহমদ ও এজে মোহাম্মদ আলী।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার খালেদার পক্ষে তার আইনজীবী মো. আসাদুজ্জামান আবেদন দুটি দাখিল করেন।
একই দিন দুই মামলায় অভিযোগ গঠনের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিভিশন আবেদন খারিজের বিরুদ্ধে খালেদার পক্ষে আপিলের আবেদন মাহবুব উদ্দিন খোকন।
ঢাকার বিশেষ জজ-৩ বাসুদেব রায় গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে ‘জিয়া দাতব্য ট্রাস্ট’ ও ‘জিয়া এতিমখানা ট্রাস্ট’ দুর্নীতি মামলায় অভিযোগ গঠন করেন।
ওই অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসে বিফল হওয়ার পর গত ১২ মে বিচারকের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দুটি রিট আবেদন করেন খালেদা।
দুই দিন শুনানির পর গত ২৫ মে সংশ্লিষ্ট দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রুল এবং মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিলেও কনিষ্ঠ বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ উভয় আবেদন খারিজের মত জানান।
নিয়ম অনুসারে এরপর আবেদনটি যায় প্রধান বিচারপতির কাছে। তিনি মামলাটি শুনানির জন্য বিচারপতি কাজী রেজা-উল হকের বেঞ্চে পাঠান। ১৯ জুন সেই আদালতেও আবেদনটি খারিজ হয়ে যায়।
