মির্জা ফখরুলের মা হাসপাতালে
পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিনকে রাজধানীর গ্রীনরোডের গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাড়িরে একটি কক্ষে পড়ে গিয়ে তার ডান কবজি ও বাম হাতের বৃদ্ধাঙ্গুল ভেঙে যায়।
তাকে ঢাকায় এনে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন।
প্রয়াত মন্ত্রী মির্জা রুহুল আমিনের স্ত্রী ৮১ বছর বয়সী ফাতেমা আমিনকে বিশেষজ্ঞ চিকিৎসক আর আর কৈরির তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিকালে তার জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবারের পক্ষ থেকে ফাতেমা আমিনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
মির্জা ফখরুল ও তার স্ত্রী রাহাত আরা বেগমসহ পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন।
