২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীর বাড়িতে আগুন দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতা ও তার সমর্থকদের বিরুদ্ধে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার দুপুরে চিথলিয়া ইউনিয়নের গোপালপুরে এ ঘটনা ঘটে।

গত সোমবার (৩০ জুন) রাতে দুর্বৃত্তের হামলায় নিহত হন চিথলিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন গাজী। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি জিহাদুল ইসলাম জিহাদকে আটক করে পুলিশ।

জিহাদের ভাই মুকাদ্দেস আলী অভিযোগ করেন, মামুন গাজীর সমর্থকরা একজোট হয়ে জিহাদুল ইসলাম জিহাদ ও তাদের বাবা ওবেদ খামারুর বাড়িসহ তিনটি বাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে তিনটি বাড়ির ১২টি ঘর পুড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এলেও অগ্নিসংযোগে জড়িতরা তাদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। এছাড়া ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বাধার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোন ভূমিকা নিতে পারেনি তারা।

এ ঘটনায় তিনটি বাড়ির ১২টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে বলে দাবি করেন তিনি।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীমুল হাসান অপু বলেন, নিজেদের অন্তর্কলহে যুবলীগ নেতা খুন হলেও কেবলমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশে স্বেচ্ছাসেবক দলের চিথলিয়া ইউনিয়ন সভাপতি জিহাদুল ইসলাম জিহাদের ঘরে আগুন দেয়া হয়েছে।

ঘটনা যা-ই হোক তার সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন তিনি।

মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের দলের মদদে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে এ তথ্য সঠিক নয়। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।”

মিরপুর থানার ওসি শাহিনুল ইসলাম শাহিন জানান, গোপালপুর গ্রামে আগুনের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাক পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।