কর ফাঁকি: বাবরের অভিযোগ গঠনের আদেশ ৬ অগাস্ট
আগামী ৬ অগাস্ট আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে আদালত।
প্রায় সাড়ে চার বছর ধরে দফায়-দফায় পেছানোর পর রোববার ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানি হয়।
বিচারক মো. রেজাউল ইসলাম শুনানি নিয়ে আদেশের দিন নির্ধারণ করেন।
অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসাইন। আর অভিযোগ থেকে বাবরের অব্যাহতি চেয়ে শুনানি করেন আইনজীবী টি এম আকবর।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ মার্চ মামলাটি বিচারের জন্য ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানো হয়।
এরপর গত ৫১ মাসে ৪৭টি ধার্য তারিখেও মামলার শুনানি হয়নি। এ মামলা বাতিল চেয়ে করা আবেদন উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় আছে - এ কারণ দেখিয়ে একের পর এক সময়ের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
গত ২৯ মে একই কারণ দেখিয়ে শেষবারের মতো অভিযোগ গঠনের শুনানির সময় বাড়ানোর আবেদন করেন বাবরের আইনজীবী টি এম আকবর। পরে ২৯ জুন শেষবারের মতো শুনানির দিন ধার্য করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী কবির হোসাইন জানান, মামলার অভিযোগ গঠনের শুনানিতে হাই কোর্ট কোনো স্থগিতাদেশ দেয়নি। তারপরও গত চার বছর শুনানি না করে সময় নিচ্ছিলেন আসামিপক্ষের আইনজীবীরা।
২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেছিলেন।
মামলার আরজিতে বলা হয়, বাবর ১৯৯৯-২০০০ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তার মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিক্স লিমিটেডের পরিচালক হিসেবে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করে তার ওপর প্রযোজ্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন।
